সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি
সংগৃহীত
মোঃ শাহনেওয়াজ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বলেছেন, সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি। এ দেশের প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে ও নিরাপদে পালনের অধিকার রয়েছে।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব পালনে বর্তমান সরকার পাশে রয়েছে। তাঁদের ধর্মীয় উৎসবের প্রতি সম্মান ও শ্রদ্ধা রয়েছে। সবাই মিলেমিশে সম্প্রীতি ও শান্তির মধ্যে বসবাস করতে চান। যেকোনো বিপদ-আপদে তাঁকে পাশে পাওয়া যাবে বলেও আশ্বাস দেন তিনি।
সোমবার সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন সংসদ সদস্য ফজলুল হক মিলন।
এদিন নোয়াপাড়া সার্বজনীন দুর্গামন্দিরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুক্তাজুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার এবং কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেন, এটাই প্রত্যাশা। দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি। উৎসবের সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনেও ধর্মীয় সম্প্রীতি ও সব ধর্মের মানুষের সহাবস্থানের বিষয়টি গুরুত্ব পেয়েছে। প্রত্যেকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার রয়েছে।
উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু বলেন, পূজামণ্ডপগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে থেকে সহযোগিতা করছেন। দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুন অর রশিদ দেওয়ানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সনাতন ধর্মাবলম্বীরা।
এমকে/বিএম২৪









