শরীয়তপুরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
সূত্রঃ সংগৃহীত
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরে প্রকাশ্যে মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, কারাবন্দিদের মুক্তি এবং আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এ মিছিল করা হয়। এর কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোটাপাড়া ও বাসস্ট্যান্ড এলাকায় ঝটিকা মিছিলটি অনুষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক মহসিন মাদবর, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ওরফে ভুলু এবং সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী সড়কে মিছিল করছেন।
মিছিলকারীদের অনেকের হাতে জাতীয় পতাকা দেখা যায়। এ সময় তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘চলছে লড়াই, চলবে’ এবং ‘শেখ হাসিনা লড়বে’সহ বিভিন্ন স্লোগান দেন।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের একটি ভিডিও পুলিশের নজরে এসেছে। মিছিলটি কখন এবং কোথায় হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে রাতের আঁধারে মিছিলের অভিযোগ উঠলেও এবার দিনের আলোয় প্রকাশ্যে মহাসড়কে তাদের মিছিল করতে দেখা গেল।
এমকে/বিএম২৪








