লংগদুতে গণ-অধিকার পরিষদ নেতার বিরুদ্ধে বসতবাড়ি দখলের অভিযোগ

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ১০:০৩ এএম
লংগদুতে গণ-অধিকার পরিষদ নেতার বিরুদ্ধে বসতবাড়ি দখলের অভিযোগ

সূত্রঃ সংগৃহীত

চাই সুই উ মারমা, রাঙামাটি প্রতিনিধি


রাঙামাটির লংগদুতে প্রভাব খাটিয়ে বসতবাড়ি দখলে রাখার অভিযোগ উঠেছে গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুছ ছাত্তারের বিরুদ্ধে। এ অভিযোগ করেছেন বাড়ির মালিক মো. হৃদয় ও তার পরিবারের সদস্যরা।


বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় লংগদু প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মো. হৃদয় অভিযোগ করেন, চুক্তির ভিত্তিতে ভাড়া দেওয়া তার বসতবাড়িটি দীর্ঘদিন ধরে দখলে রেখেছেন আব্দুছ ছাত্তার। বর্তমানে বাড়িটি ছেড়ে না দিয়ে উল্টো সেটিকে নিজের বলে দাবি করছেন তিনি।


লিখিত বক্তব্যে হৃদয় জানান, ২০১৬ সালে বসতভিটাসহ ওই জায়গা তিনি ক্রয় করেন। পরে ২০১৮ সালে চুক্তির মাধ্যমে বসতবাড়িটি আব্দুছ ছাত্তারের কাছে ভাড়া দেন। চুক্তি অনুযায়ী মাসিক এক হাজার টাকা ভাড়া দেওয়ার কথা ছিল।


হৃদয়ের দাবি, ২০২৪ সাল পর্যন্ত নিয়মিত ভাড়া পরিশোধ করলেও ২০২৫ সাল থেকে আব্দুছ ছাত্তার ভাড়া দেওয়া বন্ধ করে দেন। এরপর থেকে তিনি বাড়িটি নিজের বলে দাবি করছেন এবং বাড়ি ছেড়ে দেওয়ার বিষয়ে কোনো সমঝোতায় আসছেন না।


বাড়িটি ফিরে পেতে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেও সমাধান পাননি বলে দাবি করেন হৃদয়। স্থানীয় থানা-পুলিশ, গণ্যমান্য ব্যক্তি, ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের মাধ্যমে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত ব্যক্তি তা মানছেন না বলে অভিযোগ তার।


হৃদয়ের আরও অভিযোগ, গণ-অধিকার পরিষদের নেতা পরিচয় ব্যবহার করে আব্দুছ ছাত্তার তাকে ও তার পরিবারের সদস্যদের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছেন। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও দাবি করেন তিনি।


সংবাদ সম্মেলনে হৃদয় বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরে আইন ও আদালতের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করেন। একই সঙ্গে দ্রুত তার বসতবাড়ি দখলমুক্ত করে বুঝিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


এদিকে, গণ-অধিকার পরিষদের রাঙামাটি জেলা শাখার কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে মাদক, চাঁদাবাজি ও নারী নির্যাতনের অভিযোগ ওঠার দাবি করা হয়েছে। এর মধ্যে জেলা সাংগঠনিক সম্পাদক জলমনি চাকমা ইয়াবা বিক্রির অভিযোগে বর্তমানে কারাগারে রয়েছেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। এসব অভিযোগের কারণে জেলা শাখাটি বিতর্কের মধ্যে রয়েছে বলে দাবি করা হয়েছে।


তবে বসতবাড়ি দখলের অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুছ ছাত্তারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে পরবর্তী প্রতিবেদনে তা যুক্ত করা হবে।




এমকে/বিএম২৪