রুট পারমিট নিয়ে দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ
সূত্রঃ সংগৃহীত
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:
রুট পারমিট নিয়ে রাজশাহী ও নাটোরের বাস মালিক সমিতির দ্বন্দ্বের জেরে রাজশাহী মহানগরীর ভদ্রা বাস কাউন্টার থেকে আন্তঃজেলা সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮ টা থেকে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে রাজশাহী শিরোইল বাস টার্মিনাল থেকে ঢাকাগামী বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী মালিক সমিতির রাব্বি পরিবহনের বাস রাজশাহী-নাটোর-পাবনা-দর্শনা-চুয়াডাঙ্গা রুটে চলাচল করে। একই নামে একই রুটে নাটোর মালিক সমিতির একটি বাস চলাচলের উদ্যোগকে কেন্দ্র করে রাজশাহী বাস মালিক সমিতি আপত্তি জানায়। এ নিয়ে সৃষ্ট বিরোধের জেরেই ভদ্রা বাস কাউন্টার থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ হয়ে যায়।
বাস চলাচল বন্ধ থাকায় ভদ্রা কাউন্টার থেকে বিভিন্ন আন্তঃজেলা রুটের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। অন্যদিকে শিরোইল বাস টার্মিনাল থেকে ঢাকাগামী বাস চলাচল আপাতত স্বাভাবিক থাকলেও সাধারণ শ্রমিকদের আন্দোলনের কারণে যেকোনো সময় ওই রুটের বাস চলাচলও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সমস্যা সমাধানে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে সংশ্লিষ্টদের সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে। বিষয়টি সমাধানে রাজশাহী জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নজরদারি অব্যাহত রয়েছে।
এমকে/বিএম২৪









