রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সূত্রঃ সংগৃহীত

আবু কাওসার মাখন, বিশেষ প্রতিনিধি :


জমকালো ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল এএসকে প্রোপার্টিজ (ASK Properties)।


মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বেলা ১১টায় নগরীর পিঁপড়া কনভেনশন সেন্টারের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন শিরাজী ফেরদৌস ইমন। এতে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহমুদা শারমীন নেলী এবং রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন।


এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও দেশ টিভির ব্যুরো প্রধান কাজী শাহেদ, রাজশাহী চেম্বার অব কমার্সের পরিচালক ও ব্যবসায়ী প্রকৌশলী শাকিলুর রহমান, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শ্যামল মেহেদী, বর্তমান সভাপতি শ. ম. সাজু, সাধারণ সম্পাদক রাসেল মোস্তাফিজ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, সিনিয়র সহ-সভাপতি মঈদ উদ্দিন, বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদেকুল ইসলাম স্বপন, উত্তরা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক এনায়েত করিম, আগামীর সময়ের প্রতিনিধি আমজাদ হোসেন শিমুল, স্টার নিউজের রাজশাহী প্রতিনিধি জিয়াউর গনি সেলিম, চ্যানেল ওয়ানের প্রতিনিধি ও রাজশাহীর সংবাদের সম্পাদক আহসান হাবিব অপু এবং বাংলা টিফিনের স্বত্বাধিকারী মোর্শেদ শাকিলসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।


প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বরেন্দ্র প্রেসক্লাবের সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের আয়না ও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি বরেন্দ্র প্রেসক্লাব রাজশাহীর উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা।


সভায় অন্যান্য বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। দেশ ও জাতির কল্যাণে সত্যের পক্ষে অবিচল থেকে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাদারিত্ব বজায় রাখা এবং রাজশাহীর সার্বিক উন্নয়নে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।


আলোচনা সভা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় বিভিন্ন সাংবাদিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিরা রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক সামসুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


এ ছাড়া রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবির পক্ষ থেকে মজিবুল হক প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান।


পরে আনন্দঘন ও প্রীতিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।



এমকে/বিএম২৪