রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ভগা মিলনসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম
রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ভগা মিলনসহ গ্রেপ্তার ৩

সূত্রঃ সংগৃহীত

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো


রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ১৯ মামলার আসামি কুখ্যাত মাদক কারবারি মো. মিলন ওরফে ভগা মিলনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দেশীয় তৈরি চোলাইমদ, জেবিস্ক্যান সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি একটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়েছে।


গ্রেপ্তাররা হলেন—মহানগরীর দামকুড়া থানার কাশিয়াডাঙ্গা (আখ সেন্টার) গ্রামের মো. রাজ্জাক (৩৫), একই এলাকার মৃত আবুল কালামের ছেলে মো. মিলন ওরফে ভগা মিলন (৫৫) এবং এয়ারপোর্ট থানার মাঝিগ্রাম (মধ্যাপাড়া) এলাকার মো. রাজু আহম্মেদ (২৯)।


পুলিশ জানায়, ২০ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে দামকুড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২৫ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।


একই দিন রাত ১০টার দিকে পুরাতন কসবা এলাকায় অভিযান চালিয়ে ভগা মিলনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ১৫ বোতল জেবিস্ক্যান সিরাপ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সহযোগী মো. রাজু পালিয়ে যান।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ভগা মিলন ও পলাতক রাজু পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী, ভগা মিলনের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় মাদক ও পেনাল কোড আইনে মোট ২০টি মামলা রয়েছে। পলাতক রাজুর বিরুদ্ধেও বিভিন্ন থানায় মাদক ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।


অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৭টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশ মাঝিগ্রাম (মধ্যাপাড়া) এলাকায় রাজু আহম্মেদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৬০ পিস ট্যাপেন্টাডল ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ১ হাজার ৬৯০ টাকা জব্দ করা হয়।


গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


এমকে/বিএম২৪