মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানির ইন্তেকাল
সূত্রঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানি ইন্তেকাল করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে তার মৃত্যু হয়। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই তিনি মসজিদুল হারামে ফজরের আজান দিয়েছিলেন। সেটিই ছিল পবিত্র এই মসজিদে তার জীবনের শেষ আজান।
সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, সোমবার ভোরে শায়খ ইব্রাহিম আল-মাদানির মৃত্যুর খবর প্রকাশ করে ‘ইনসাইড দ্য হারামাইন’। একই সঙ্গে তার ফজরের আজান দেওয়ার একটি ভিডিওও প্রকাশ করা হয়। ভিডিওটিতে মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তাকে মসজিদুল হারামে আজান দিতে দেখা যায়।
সোমবার আসরের নামাজের পর মক্কার গ্র্যান্ড মসজিদে শায়খ ইব্রাহিম আল-মাদানির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তাকে আল-মুয়াল্লা কবরস্থানে দাফন করা হবে।
মাত্র ১৫ বছর বয়সে মুয়াজ্জিন হিসেবে তার পথচলা শুরু হয়। মদিনার একটি স্থানীয় মসজিদে তিনি প্রথম আজান দেওয়া শুরু করেন। কলেজের পড়াশোনা শেষ করা পর্যন্ত মদিনার তিন প্রতিবেশীর সঙ্গে পালাক্রমে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন তিনি।
পরে মদিনার বাইরে শিক্ষকতার কাজে যুক্ত হওয়ায় কিছু সময়ের জন্য আজান দেওয়া থেকে বিরত ছিলেন। ১৪২৮ হিজরি (২০০৭-০৮) সালে তাকে মদিনার মসজিদ আল-মাদ্দাহতে আবার আজান দেওয়ার আমন্ত্রণ জানানো হয়। সেখানে দায়িত্ব পালনের পর মক্কার গ্র্যান্ড মসজিদে মুয়াজ্জিন হিসেবে কাজ করার সুযোগ পান তিনি।
১৪৩৯ হিজরি (২০১৭-১৮) সালে আনুষ্ঠানিকভাবে তাকে মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এমকে/বিএম২৪








