আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ
সূত্রঃ সংগৃহীত
মো. আল-মাহফুজ শাওন, খুলনা
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আজমুল হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে খুলনার সোনাডাঙ্গা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে হত্যাকাণ্ডের বিচার দাবিতে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় তারা দ্রুত তদন্ত শেষ করে হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পরে নগর প্রশাসক নজরুল ইসলাম মনজু ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি আজমুল হত্যার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিচারের বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
নগর প্রশাসকের আশ্বাস পাওয়ার পর শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেন। এতে সোনাডাঙ্গা এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
এমকে/বিএম২৪








