চরভাগা প্রাথমিক বিদ্যালয়ে ব্যতিক্রমী মা সমাবেশ, বৃত্তিপ্রাপ্তদের পুরস্কারের ঘোষণা
সূত্রঃ সংগৃহীত
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরের সখিপুর থানার ৫৪ নম্বর চরভাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও বৃত্তি পরীক্ষার প্রস্তুতি জোরদারের লক্ষ্যে ব্যতিক্রমী মা সমাবেশ ও অভিভাবক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সখিপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সমাজসেবক মানিক উদ্দিনের নিজস্ব অর্থায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মানিক উদ্দিন মায়েদের উদ্দেশ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীদের কৃতিত্ব অর্জনের কৌশল এবং প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে পরামর্শ দেন।
মায়েদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “একটি সন্তানের প্রকৃত শিক্ষক হলেন তার মা। মায়েরা একটু সচেতন হলেই সন্তানরা পড়াশোনায় আরও ভালো করতে পারবে এবং বৃত্তিসহ নানা সাফল্য বয়ে আনবে।”
শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে অনুষ্ঠানে বিশেষ পুরস্কারের ঘোষণা দেন মানিক উদ্দিন। তিনি জানান, বিদ্যালয় থেকে যারা মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) পাবে, তাদের প্রত্যেককে নিজস্ব তহবিল থেকে ৫ হাজার টাকা এবং যারা সাধারণ বৃত্তি পাবে, তাদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে নগদ পুরস্কার দেওয়া হবে।
বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় অভিভাবক, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমাজসেবক মানিক উদ্দিনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সুধীসমাজ।
এমকে/বিএম২৪








