মোল্লাহাটে ৫০ হুইলচেয়ার ও ৫০ পায়েচালিত ভ্যান বিতরণ

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৭:৩৭ পিএম
মোল্লাহাটে ৫০ হুইলচেয়ার ও ৫০ পায়েচালিত ভ্যান বিতরণ

সূত্রঃ বিডি মেইল

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি


বাগেরহাটের মোল্লাহাটে বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ জনের মাঝে হুইলচেয়ার এবং অসচ্ছল মানুষের কর্মসংস্থানের জন্য ৫০টি পায়েচালিত ভ্যান বিতরণ করা হয়েছে। গরিব ও এতিম ট্রাস্ট ফাউন্ডেশনের অর্থায়নে এসব সহায়তা দেওয়া হয়।


আজ সকাল সাড়ে ১১টায় মোল্লাহাট কেআর কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে হুইলচেয়ার ও ভ্যানগুলো বিতরণ করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গরিব ও এতিম ট্রাস্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী, প্রতিষ্ঠাতা পরিচালক মো. কামাল উদ্দীন ও মহাসচিব মো. আক্তারুজ্জামান।


বাংলাদেশ খেলাফত মজলিস মোল্লাহাট উপজেলা শাখার সভাপতি মাওলানা শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওঃ মো. আনিসুর রহমান। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, সমাজের দরিদ্র, অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। শুধু সহায়তা নয়, তাদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নিতে হবে।


তিনি বলেন, পায়েচালিত ভ্যান পাওয়া অসচ্ছল মানুষগুলো এর মাধ্যমে নিয়মিত আয় করে পরিবারের পাশে দাঁড়াতে পারবেন—এটাই প্রত্যাশা। একইভাবে একটি হুইলচেয়ার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির চলাচলের স্বাধীনতা বাড়াতে পারে।


অনুষ্ঠানে বক্তারা গরিব ও এতিম ট্রাস্ট ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করেন এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।