ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৭:৩০ পিএম
ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু

সূত্রঃ সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি


চট্টগ্রামের ফটিকছড়িতে মসজিদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। নিহত দুজন সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ সুন্দরপুর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলো—সিকদার বাড়ির প্রবাসী জাহাঙ্গীর আলমের ছেলে মো. জাহেদ (৮) ও একই বাড়ির প্রবাসী আব্দুল শুক্কুরের ছেলে মো. তাসিন (৮)। তারা দুজনই স্থানীয় এককুলিয়া দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।


স্থানীয় বাসিন্দা মো. ইমরান জানান, দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পর চার শিশু একসঙ্গে বাড়ির সামনে মসজিদের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে জাহেদ ও তাসিন পুকুরের গভীর পানিতে তলিয়ে যেতে থাকে। তাদের সঙ্গে থাকা অন্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে পানিতে নেমে দুজনকে উদ্ধার করেন।


উদ্ধারের পর একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।


পরে দুজনকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।


ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে দুই মাদ্রাসাছাত্রকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিহত দুই শিশুর বাবা আপন ভাই এবং দুজনই বর্তমানে প্রবাসে রয়েছেন। দুই সন্তানের একসঙ্গে এমন মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে তারা দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছেন।


এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।