মা ইলিশ রক্ষায় পদ্মায় যৌথ অভিযান, ভেদরগঞ্জে ১ লাখ মিটার জাল ধ্বংস
সংগৃহীত
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
জাতীয় সম্পদ মা ইলিশ রক্ষায় শরীয়তপুরের ভেদরগঞ্জে পদ্মা নদীতে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও কোস্ট গার্ড। অভিযানে আনুমানিক ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সিদ্দিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে পদ্মা নদীর দুলারচর, বাঘাবাড়ির খাল, বোরকাটি, মরিচাকান্দি, কাচিকাটা, চেয়ারম্যান স্টেশনঘাট, মোল্লাবাজার, গাজীরটেক ও ‘মিনি কক্সবাজার’ খ্যাত পয়েন্টসহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়।
অভিযান চলাকালে মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা সম্পর্কে স্থানীয় জেলেদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।
এ ছাড়া নিষেধাজ্ঞাকালে নিবন্ধিত জেলেদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন ইউএনও আবুবকর সিদ্দিক।
তিনি জানান, ইলিশের প্রজনন মৌসুম সফল করা এবং ইলিশের উৎপাদন ও সম্পদ বৃদ্ধির লক্ষ্যে জনস্বার্থে পদ্মার ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে উপজেলা প্রশাসনের সমন্বিত ও কঠোর তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
এমকে/বিএম২৪









