বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
সূত্রঃ সংগৃহীত
রংপুর প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে শিক্ষার্থীদের দক্ষতা ও উচ্চশিক্ষায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘ট্রেনিং সেশন অন ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে স্কলারশিপ সাপোর্ট অফিসের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তিনির্ভর। উচ্চশিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহার, সঠিক ই-মেইল যোগাযোগ ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনায় দক্ষ হওয়া জরুরি।
উপাচার্য বলেন, উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ অর্জন, ফান্ডিং খুঁজে বের করা এবং বিদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ স্থাপনে সঠিক দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেরোবিকে একটি মানসম্মত ও আন্তর্জাতিক মানের আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামাণিক।
দিনব্যাপী এ প্রশিক্ষণ সেশনে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি, প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখা, অধ্যাপক ও প্রোগ্রাম ডিরেক্টরি-সংক্রান্ত তথ্য অনুসন্ধান, অধ্যাপকদের কাছে পেশাদার ই-মেইল পাঠানো এবং উচ্চশিক্ষার স্কলারশিপ ও ফান্ডিং-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এমকে/বিএম২৪









