বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সূত্রঃ সংগৃহীত
আতিকুজ্জামান, শার্শা (যশোর)
যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৬ সেপ্টেম্বর) দিনব্যাপী বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১২৪টি শাড়ি, ১২টি থ্রি-পিস, ৫৫টি পোশাক, ৪ কেজি কিশমিশ, সাড়ে ৫ কেজি জিরা, ৪৪ প্যাকেট ফুচকা, ২৭টি টেনিস বল, ১ কেজি আমসত্ত্ব, ১২৫টি চকলেট এবং ৪৮০টি কসমেটিকস সামগ্রী।
বিজিবি জানিয়েছে, জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ১৩ লাখ ৯৫ হাজার ৫৬০ টাকা।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানি পণ্য পাচারের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত ও আটক করতে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।
সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমকে/বিএম২৪









