ক্যাসেট শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করলেন ৮২ বছরের মরিয়ম

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১১:১৭ পিএম
ক্যাসেট শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করলেন ৮২ বছরের মরিয়ম

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক


পড়তে কিংবা লিখতে জানেন না। জীবনের অধিকাংশ সময় কেটেছে সংসার সামলানো ও কৃষিকাজে। কিন্তু পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসা আর অদম্য ইচ্ছাশক্তির জোরে শুনে শুনেই সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছেন ইয়েমেনের ৮২ বছর বয়সী হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ।


ইয়েমেনের তায়েজ প্রদেশের জাবাল সাবর পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়মের। প্রায় ১০ বছরের সাধনায় তিনি পবিত্র কোরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করেন। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় কোরআন মুখস্থ করার উদ্যোগ নেন তিনি। ২০১৬ সালে তাঁর সেই সাধনা পূর্ণতা পায়।


মরিয়মের ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে তাঁর স্বপ্নপূরণের পথ সহজ হয়। এরপর প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে কোরআন মুখস্থের চর্চা করতেন তিনি। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে মুখস্থ করা আয়াত শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যায় বাড়ি ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।


কোরআন মুখস্থের ক্ষেত্রে তাঁর সবচেয়ে বড় সঙ্গী ছিল একটি ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে পছন্দ করতেন তিনি। একটি ক্যাসেটের অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাঁকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।


কোরআনের কিছু আয়াতের মধ্যে মিল থাকায় সেগুলো আলাদা করে মনে রাখতে বেশ বেগ পেতে হয়েছে মরিয়মকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের কিছু আয়াত মুখস্থ করতে তাঁর বেশি সময় লেগেছে। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।


টানা ১০ বছরের সাধনা শেষে ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তাঁর এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।


মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তাঁর নাতি-নাতনির সংখ্যা ২১। পরিবারের অনেক সদস্য উচ্চশিক্ষা গ্রহণ করলেও নিরক্ষর হয়েও তাঁদের মা ও দাদির কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করার বিষয়টি তাঁদের কাছে ছিল বিস্ময়কর। কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তাঁর বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এ সূরা রাখার চেষ্টা করেন তিনি।


প্রতিবেদন প্রকাশের সময় মরিয়মের বয়স ছিল ৮২ বছরের বেশি। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।


মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তাঁর সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তাঁর মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।


শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশের মধ্যেও যে দৃঢ় সংকল্প নিয়ে লক্ষ্য অর্জন সম্ভব, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।