অসহায় মানুষের পাশে চট্টগ্রামের জেলা প্রশাসক
ছবি : বিডি মেইল
মো. কামাল উদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি
কেউ এসেছেন অসুস্থ সন্তানের চিকিৎসার খরচ জোগাতে, কেউ চোখের আলো ফেরানোর আশায়, আবার কেউ পড়ালেখা চালিয়ে যেতে আর্থিক সহায়তার আবেদন নিয়ে। এমন নানা সংকটে থাকা মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সাপ্তাহিক গণশুনানিতে অসহায় মানুষের দুর্দশার কথা শুনে আর্থিক সহায়তা দেন তিনি। পাশাপাশি বিভিন্ন অভিযোগ নিষ্পত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ১১টায় শুরু হওয়া গণশুনানিতে জেলার বিভিন্ন উপজেলা ও মহানগর থেকে ১৬ জন সেবাপ্রত্যাশী অংশ নেন। এ ছাড়া একজন প্রবাসী অনলাইনে যুক্ত হন। এদিন অসুস্থ ও অসহায় আটজন এবং একজন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
গণশুনানিতে আসা পাঁচলাইশ এলাকার নার্গিস আক্তার জানান, তাঁর তিন বছর পাঁচ মাস বয়সী ছেলে আরাবী হোসেন আলিফ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। অন্য দুই মেয়েও প্রায়ই অসুস্থ থাকে। তিনি নিজেও হৃদরোগে ভুগছেন। প্রায় এক বছর ধরে স্বামী তাঁদের খোঁজখবর নেন না। সন্তানদের চিকিৎসা ও সংসারের খরচ চালাতে কখনো অন্যের কাছে হাত পাততে হয় তাঁকে। তাঁর দুর্দশার কথা শুনে আর্থিক সহায়তা দেন জেলা প্রশাসক।
একইভাবে চাঁদগাঁও এলাকার তাহমিনা বেগম তাঁর শিশু সন্তান মোহাম্মদ ওসমান গণি আকাশের চিকিৎসার জন্য সহায়তা চান। মস্তিষ্কের সংক্রমণে আক্রান্ত শিশুটিকে গত ১৯ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৩ অক্টোবর ছাড়পত্র পেলেও পুরোপুরি সুস্থ হতে আরও দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। আর্থিক সংকটে সন্তানের চিকিৎসা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন তিনি।
অন্যদিকে পটিয়ার চরকানাই এলাকার মুহাম্মদ নুরুল কবির দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন। বর্তমানে এক চোখে কিছুই দেখতে পান না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন হলেও অর্থের অভাবে তা করাতে পারছেন না। দুই সন্তানের পড়ালেখা, চিকিৎসা ও সংসারের ব্যয় মেটাতে গিয়ে বিপাকে পড়েছেন তিনি। চিকিৎসা ও পারিবারিক প্রয়োজন মেটাতে দুই লাখ টাকা সহায়তার আবেদন করেন নুরুল কবির।
গণশুনানিতে আরও আসেন সড়ক দুর্ঘটনায় একটি পা হারানো ফজল করিম। কর্মক্ষমতা হারিয়ে আয়রোজগার বন্ধ হয়ে যাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন তিনি। এ ছাড়া পক্ষাঘাতজনিত সমস্যায় আক্রান্ত বাকলিয়া এলাকার মুনমুন এবং দীর্ঘদিন ধরে অসুস্থ খাতুনগঞ্জের শাহানা বেগমও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চান।
এদিকে বাবার অসুস্থতার কারণে পড়ালেখা বন্ধ হওয়ার আশঙ্কায় জেলা প্রশাসকের দ্বারস্থ হন রাঙ্গুনিয়ার শিক্ষার্থী চন্দ্রিমা সিংহ। তিনি চট্টগ্রামের অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তাঁর বাবা কাজল কান্তি সিংহ গুরুতর অসুস্থ হওয়ায় পরিবারটি আর্থিক সংকটে রয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁকে শিক্ষাসহায়তা দেন জেলা প্রশাসক।
এ ছাড়া হেপাটাইটিস সি, পিত্তথলির পাথর ও ডায়াবেটিসে আক্রান্ত ইংরেজির শিক্ষক শেখ মুনতাসির তারেক বিন হাফিজ চিকিৎসার জন্য সহায়তা চান। প্রয়োজনীয় ওষুধ কেনার সামর্থ্য না থাকায় তাঁর চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাঁর আবেদন বিবেচনায় নিয়েও আর্থিক সহায়তা দেওয়া হয়।
গণশুনানিতে চিকিৎসা ও শিক্ষাসহায়তার পাশাপাশি জমিসংক্রান্ত বিরোধ এবং সম্পত্তি জবরদখলের অভিযোগও তুলে ধরেন সেবাপ্রত্যাশীরা। একজন প্রবাসী অনলাইনে যুক্ত হয়ে নিজের অভিযোগ জানান।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সেবাপ্রত্যাশীদের অভিযোগ শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। কিছু অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্তও দেওয়া হয়েছে। একই সঙ্গে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন এবং তার অগ্রগতি আবেদনকারীদের জানানোর নির্দেশ দেওয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার এ উদ্যোগে অসহায় মানুষের চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য সংকট নিরসনে প্রশাসনের সহযোগিতার বিষয়টি উঠে এসেছে। নিয়মিত গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের অভিযোগ শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আর্থিক সহায়তা দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।









