রমজানে ১১ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ১১ ধরনের পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিনের বাকিতে মূল্য পরিশোধের সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১১ নভেম্বর) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
নির্দেশনা অনুযায়ী, চাল, গম, পেঁয়াজ, ডাল, সয়াবিন তেল, পাম তেল, চিনি, ছোলা, মসলা, খেজুর ও মটরশুঁটি আমদানিতে এ সুবিধা পাবেন ব্যবসায়ীরা। সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) আওতায় আমদানির মূল্য পরিশোধে সর্বোচ্চ ৯০ দিন সময় পাবেন আমদানিকারকেরা।
এ সুবিধার ফলে পণ্য দেশে আসার পরপরই আমদানিকারকদের পুরো অর্থ পরিশোধ করতে হবে না। বরং নির্ধারিত মেয়াদ শেষে আমদানি মূল্য পরিশোধের সুযোগ পাবেন তাঁরা। এতে আমদানি করা পণ্য বিক্রির মাধ্যমে ব্যাংকের দায় পরিশোধ করা সহজ হবে। পাশাপাশি আমদানির ক্ষেত্রে তাৎক্ষণিক মূলধনের চাপও কমবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখতেই এ বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। নতুন এ সুবিধা আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
সাধারণত রমজান মাসে চাল, ডাল, পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি, ছোলা ও খেজুরের মতো পণ্যের চাহিদা বেড়ে যায়। এ সময়ে সরবরাহে ঘাটতি দেখা দিলে বাজারে দামের ওপর চাপ তৈরি হয়। নতুন ঋণসুবিধার ফলে এসব পণ্য আমদানিতে ব্যবসায়ীরা উৎসাহিত হবেন বলে মনে করছেন ব্যাংক খাতসংশ্লিষ্টরা।
এর আগে গত ৮ নভেম্বর রমজান সামনে রেখে এসব পণ্য আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে নগদ মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ওই নির্দেশনায় চাল, গম, পেঁয়াজ, ডাল, সয়াবিন তেল, পাম তেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুরের কথা উল্লেখ করা হয়।
উল্লেখ্য, এলসি খোলার সময় আমদানিকারককে ব্যাংকে যে পরিমাণ নগদ অর্থ বা জামানত জমা দিতে হয়, তাকে এলসি মার্জিন বলা হয়। মার্জিন কমানো হলে কম নগদ অর্থ জমা দিয়েই এলসি খোলার সুযোগ তৈরি হয়। এতে আমদানির জন্য প্রয়োজনীয় অর্থায়নের চাপ কমে।








