বৃহস্পতিবার থেকে শুরু জমাদিউস সানি, রমজানের বাকি তিন মাস

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১১:১০ পিএম
বৃহস্পতিবার থেকে শুরু জমাদিউস সানি, রমজানের বাকি তিন মাস

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক


১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাস শুরু হচ্ছে বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে। বাংলাদেশের আকাশে জমাদিউস সানি মাসের চাঁদ দেখা না যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এর ফলে পবিত্র রমজান মাস শুরু হতে বাকি থাকল আর মাত্র তিন মাস।


বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামান।


সভায় জানানো হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। ফলে পবিত্র জমাদিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে। সে অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার থেকে জমাদিউস সানি মাস গণনা শুরু হবে।


জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বিভাগীয়-জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. আজগর আলীসহ চাঁদ দেখা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, জমাদিউস সানির পর রজব ও শাবান মাস। এরপর শুরু হবে পবিত্র রমজান মাস।