বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের মশা নিধন ও সচেতনতামূলক কর্মসূচি
সূত্রঃ সংগৃহীত
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ ও এডিস মশার বিস্তার রোধে বাগেরহাট শহরে মশা নিধন ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল।
কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকায় মশা নিধন ওষুধ ছিটানোর পাশাপাশি সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে সচেতন করা হয়।
বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুনের উদ্যোগে শহরের পুরাতন পুলিশ লাইন, নূর মসজিদ ও চালতেতলা এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থানে মশা নিধন ওষুধ স্প্রে করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, বর্ষাকালে বিভিন্ন স্থানে জমে থাকা পানি এডিস মশার প্রজননের উপযোগী পরিবেশ তৈরি করে। তাই ডেঙ্গুর ঝুঁকি কমাতে নিয়মিত জমে থাকা পানি অপসারণ, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা জরুরি।
সচেতনতামূলক কার্যক্রমের সময় স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গুর লক্ষণ, এডিস মশার বংশবিস্তার রোধ এবং প্রতিরোধমূলক বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে পরামর্শ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন শামিম মুন্সি, আজিজুল ইসলাম আশিক, তানভীর হাওলাদার, তানভীর ইসলাম জিসানসহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকরা বলেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু মশা নিধন ওষুধ ছিটালেই হবে না, ব্যক্তি ও সামাজিক পর্যায়েও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় যাতে দীর্ঘ সময় পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।
তারা আরও বলেন, জনস্বার্থে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও সচেতনতামূলক এ ধরনের কর্মসূচি পর্যায়ক্রমে অব্যাহত রাখা হবে। ডেঙ্গুর ঝুঁকি কমাতে স্থানীয় জনগণসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।









