বাগেরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৩:১০ এএম
বাগেরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি

সূত্রঃ সংগৃহীত

**প্রিন্স মণ্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি**


জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বাগেরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।


মঙ্গলবার কর্মসূচির শুরুতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এ ছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বিভিন্ন সরকারি স্থাপনায় আলোকসজ্জাও করা হয়।


আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।


অনুষ্ঠানে পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, জুলাই শহীদ পরিবারের সদস্যদের বিনামূল্যে ওষুধ সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।


এ সময় জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



এমকে/বিএম২৪