বাংলাদেশ মেইলের মাল্টিমিডিয়া সাংবাদিকতায় সেরা বিপ্লব তালুকদার

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পিএম
বাংলাদেশ মেইলের মাল্টিমিডিয়া সাংবাদিকতায় সেরা বিপ্লব তালুকদার

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:


তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার পাশাপাশি মাল্টিমিডিয়া সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশ মেইল ২৪-এর খাগড়াছড়ি জেলা প্রতিনিধি বিপ্লব তালুকদার। প্রতিষ্ঠানটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাকে ‘সেরা মাল্টিমিডিয়া রিপোর্টার (বিশেষ)’ হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সংবাদ পরিবেশনের ধরন ও পাঠকের চাহিদায় পরিবর্তনের সঙ্গে সঙ্গে মাল্টিমিডিয়া সাংবাদিকতা গণমাধ্যমে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। সংবাদ, ছবি, ভিডিও ও অন্যান্য মাল্টিমিডিয়া উপাদানের সমন্বয়ে পাঠকের কাছে তথ্য আরও সহজ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই জায়গায় অবদানের স্বীকৃতি হিসেবেই বিপ্লব তালুকদারকে এই সম্মাননা দেওয়া হয়েছে।


বাংলাদেশ মেইল ২৪ কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদানের ক্ষেত্রে রিপোর্টারদের কর্মতৎপরতা, সংবাদ পরিবেশনের মান, তথ্যের নির্ভরযোগ্যতা এবং সাংবাদিকতায় অবদানসহ বিভিন্ন বিষয় মূল্যায়ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মাল্টিমিডিয়া সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিপ্লব তালুকদারকে সেরা হিসেবে নির্বাচিত করা হয়।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ থেকে শুরু করে তথ্য যাচাই, সংবাদ তৈরি এবং পাঠকের কাছে তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে রিপোর্টারদের ভূমিকা গণমাধ্যমের অন্যতম প্রধান শক্তি। একই সঙ্গে আধুনিক সাংবাদিকতায় মাল্টিমিডিয়া কনটেন্টের গুরুত্বও দিন দিন বাড়ছে। ফলে এ ধরনের স্বীকৃতি সাংবাদিকদের আরও উৎসাহিত করবে বলে মনে করছে কর্তৃপক্ষ।


বর্ষসেরা রিপোর্টারে প্রথম আসাদুজ্জামান:

বাংলাদেশ মেইল ২৪-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ষসেরা রিপোর্টার নির্বাচনে প্রথম স্থান অর্জন করেছেন বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান। দীর্ঘ যাচাই-বাছাই ও বিভিন্ন দিক মূল্যায়নের পর তাকে প্রথম হিসেবে নির্বাচিত করা হয়।

দ্বিতীয় স্থান অর্জন করেছেন মানিকগঞ্জের সিঙগাইর প্রতিনিধি সোহরাব হোসেন। আর তৃতীয় স্থান অর্জন করেছেন গাজীপুরের কালিয়াকৈর প্রতিনিধি শাকিল হোসাইন।


সেরা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হৃদয় ও রেদওয়ান:

বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংবাদ সংগ্রহ, তথ্য উপস্থাপন ও সাংবাদিকতায় সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে যৌথভাবে সেরা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নির্বাচিত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হৃদয় হাসান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রেদওয়ান সাগর।

বাংলাদেশ মেইল ২৪-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত এই সম্মাননা শুধু বিজয়ীদের ব্যক্তিগত অর্জন নয়, বরং প্রতিষ্ঠানের সাংবাদিকদের কাজের প্রতি স্বীকৃতি ও উৎসাহের প্রতীক বলে মনে করছে কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মেইল ২৪ ভবিষ্যতে আরও তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয় ব্যক্ত করেছে। পাশাপাশি রিপোর্টারদের পেশাগত দক্ষতা, সৃজনশীলতা ও সাংবাদিকতার মানোন্নয়নে এমন স্বীকৃতি ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছে প্রতিষ্ঠানটি।


বর্ষসেরা নির্বাচিত সকল রিপোর্টারকে বাংলাদেশ মেইল ২৪ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধান সম্পাদক ও প্রকাশক এ বি জিয়াউদ্দিন হোসেন এবং সম্পাদক এম এ রাশেদ তালুকদার।



এমকে/বিএম২৪