প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পিএম
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

সূত্রঃ সংগৃহীত

জেলা প্রতিনিধি


বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৬০) মারা গেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


শুক্রবার সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ফিরোজা বেগম ওই গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।


স্থানীয় সূত্র জানায়, সরকারি সফরে ঢাকা থেকে জয়পুরহাট-২ আসনে যাওয়ার পথে গোপীনাথপুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ফিরোজা বেগম। এ সময় তাকে ধাক্কা দেয় প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি। এতে তিনি গুরুতর আহত হন। একই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানক্ষেতে পড়ে যায়। গাড়িতে প্রতিমন্ত্রীর স্ত্রীও ছিলেন।


দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আবদুল বারীও আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নিজ বাড়িতে নেওয়া হয়।


এদিকে স্থানীয়রা আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, নিহতের মরদেহ হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যরা হাসপাতালে আছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



এমকে/বিএম২৪