বরিশালে মাদক-জুয়া ও নির্যাতনের অভিযোগে একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
সূত্রঃ সংগৃহীত
উজিরপুর প্রতিনিধি
বরিশালের উজিরপুরে মাদক ও জুয়ায় জড়িয়ে পড়া, বাবা-মাকে অত্যাচার-নির্যাতন এবং বিদেশে পাঠানোর কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগে একমাত্র ছেলে মিরাজ সিকদারকে (২৮) ত্যাজ্য ঘোষণা করেছেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আব্দুর রহিম সিকদার। এ ঘটনায় নোটারি পাবলিকের মাধ্যমে হলফনামাও সম্পাদন করেছেন তিনি।
আব্দুর রহিম সিকদার উজিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত ২১ সেপ্টেম্বর বরিশালের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নোটারি পাবলিকের কার্যালয়ে তিনি এ হলফনামা সম্পাদন করেন। হলফনামার সিরিয়াল নম্বর ৭১০।
হলফনামায় আব্দুর রহিম সিকদার উল্লেখ করেন, তার ছেলে মিরাজ সিকদার দীর্ঘদিন ধরে মাদক ও জুয়ার সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডের পাশাপাশি নেশার অর্থ জোগাড় এবং পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এমনকি তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার কথাও হলফনামায় উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া বিদেশে লোক পাঠানোর কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগও করেছেন আব্দুর রহিম। তার দাবি, এসব আর্থিক লেনদেনের দায়ভারও পরবর্তীতে তার ওপর চাপানো হচ্ছে।
হলফনামায় তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, মিরাজ সিকদারের ব্যক্তিগত কর্মকাণ্ড, দেনা-পাওনা, আর্থিক লেনদেন কিংবা ভবিষ্যতের কোনো কর্মকাণ্ডের দায়ভার তিনি বা তার পরিবারের অন্য কোনো সদস্য বহন করবেন না। একই সঙ্গে মিরাজের সঙ্গে পারিবারিক ও আর্থিক দায়-দায়িত্বের সম্পর্ক ছিন্ন করার বিষয়টিও হলফনামায় উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে আব্দুর রহিম সিকদারের সম্পাদিত হলফনামার কপি প্রতিবেদকের হাতে রয়েছে।
তবে মিরাজ সিকদারের বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
এমকে/বিএম২৪









