নোবিপ্রবিতে আয়োজিত হতে যাচ্ছে চতুর্থ ন্যাশনাল সায়েন্স ফেস্ট, থাকছে ৯ সেগমেন্ট
সূত্রঃ সংগৃহীত
মো. শফিউল আলম,নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আগামী ৩ ও ৪ অক্টোবর নোবিপ্রবি সায়েন্স ক্লাবের উদ্যোগে চতুর্থবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘ন্যাশনাল সায়েন্স ফেস্ট ২০২৬’।
এ উৎসবে নোবিপ্রবির শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন। এবারের আয়োজনে মোট ৯টি সেগমেন্ট রাখা হয়েছে। এর মধ্যে তিনটি সেগমেন্টে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। চারটি সেগমেন্ট নোবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের জন্য এবং বাকি দুটি সেগমেন্ট স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত।
জাতীয় পর্যায়ের তিনটি সেগমেন্ট হলো—পোস্টার প্রেজেন্টেশন, থ্রি মিনিটস রিসার্চ আইডিয়া প্রেজেন্টেশন ও রোবট লাইন রেস কম্পিটিশন। নোবিপ্রবির শিক্ষার্থীদের জন্য থাকছে প্রোগ্রামিং প্রতিযোগিতা, ই-স্পোর্টস, দাবা প্রতিযোগিতা ও ফটোগ্রাফি কনটেস্ট। এছাড়া স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য থাকছে প্রজেক্ট শোকেজ ও সায়েন্স অলিম্পিয়াড।
আয়োজকরা জানান, নয়টি সেগমেন্টে মোট ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। সায়েন্স ফেস্টে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের শেষ সময় ২৫ সেপ্টেম্বর।
আয়োজকদের তথ্য অনুযায়ী, গতবারের সায়েন্স ফেস্টে প্রায় ৮৫০ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। এবার গতবারের তুলনায় আরও বেশি সাড়া পাওয়া যাচ্ছে। এবারের আয়োজনে এক হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা।
আয়োজকদের প্রত্যাশা, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অন্যান্যবারের মতো এবারও ন্যাশনাল সায়েন্স ফেস্ট ২০২৬ সুন্দর ও সফলভাবে অনুষ্ঠিত হবে।
এমকে/বিএম২৪









