বন্যার দুর্ভোগে পাশে দাঁড়াল চবি ছাত্রদল, সহায়তা পেল শতাধিক পরিবার

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ১১:৫৫ পিএম
বন্যার দুর্ভোগে পাশে দাঁড়াল চবি ছাত্রদল, সহায়তা পেল শতাধিক পরিবার

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় টানা ৮ দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল। সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকীর উদ্যোগে দুর্গত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) উপজেলার কাথরিয়ার বরইতলী গ্রামের ৮ নং ওয়ার্ডে প্রায় ১০০ অসহায় ও বন্যাদুর্গত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল শুকনো খাবার, নুডুলস, বিস্কুট, চানাচুর, পাউরুটি, চিড়া ও মুড়ি। এছাড়া স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সামগ্রীর মধ্যে স্যানিটারি ন্যাপকিন, ওরস্যালাইন (ওআরএস), প্রয়োজনীয় প্রাথমিক ওষুধ এবং বিশুদ্ধ পানিও বিতরণ করা হয়। এ সময় বাঁশখালী উপজেলার পৌরসভা ছাত্রদল সহায়ক হিসেবে উপস্থিত ছিল।

ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পর্কে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী বলেন, ছাত্রদলের সাংগাঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা লাঘবে ছাত্রদলের এ মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।