অতি ভারি বর্ষণে প্লাবিত কুতুবদিয়ায় ২০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ১২:০০ এএম
অতি ভারি বর্ষণে প্লাবিত কুতুবদিয়ায় ২০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

কুতুবদিয়া প্রতিনিধি:

টানা অতি ভারি বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের আজমখলোনী গ্রামের বন্যাকবলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কক্সবাজার জেলা ইউনিট।

কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক ও কক্সবাজার জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরীর উদ্যোগ ও দিকনির্দেশনায় প্লাবিত এলাকার ২০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, ভোজ্যতেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, যা সাম্প্রতিক ভারি বর্ষণ ও জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়া পরিবারগুলোর জরুরি প্রয়োজন মেটাতে সহায়ক হবে।

খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং দুর্যোগ মোকাবিলায় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

সহায়তা পাওয়া পরিবারের সদস্যরা জানান, টানা বৃষ্টিতে অনেকের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এমন সংকটময় সময়ে খাদ্য সহায়তা পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য কক্সবাজার জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, সাম্প্রতিক অতি ভারি বর্ষণে কুতুবদিয়ার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শত শত পরিবার জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছে। এমন পরিস্থিতিতে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি মানবিক সংগঠনগুলোও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।