বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা গ্রহণের তীব্র প্রতিবাদ; অনুকূল পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিতের দাবি

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ১১:৫৩ পিএম
বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা গ্রহণের তীব্র প্রতিবাদ; অনুকূল পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিতের দাবি

নিজস্ব প্রতিবেদক:

ভারী বৃষ্টি, বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম বিভাগসহ দেশের বিভিন্ন জেলার জনজীবন যখন কার্যত অচল, তখনও শিক্ষার্থীদের প্রবল আপত্তি ও বাস্তব দুর্ভোগ উপেক্ষা করে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গভীর উদ্বেগজনক এবং সম্পূর্ণ অমানবিক। জাতীয় ছাত্রমঞ্চ এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, চলমান বন্যা পরিস্থিতি এবং হাজারো পরীক্ষার্থীর চরম ভোগান্তির পরও শিক্ষা মন্ত্রণালয়, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও মাঠ প্রশাসন সময়োপযোগী, মানবিক ও শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয়েছে। কোথাও শিক্ষার্থীদের কোমরসমান পানি পেরিয়ে, কোথাও নৌকায়, আবার কোথাও জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়েছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণ শিক্ষার্থীদের নিরাপত্তা, মানসিক সুস্থতা এবং সমান সুযোগের অধিকারকে চরমভাবে উপেক্ষা করার শামিল।

আমরা আরও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, এ ঘটনার পর বিভিন্ন দায়িত্বশীল প্রতিষ্ঠানের পক্ষ থেকে একে অপরের ওপর দায় চাপানোর প্রবণতা দেখা গেছে। দুর্যোগের সময় দায় এড়ানোর সংস্কৃতি নয়; প্রয়োজন দ্রুত, সমন্বিত, দায়িত্বশীল ও জনস্বার্থভিত্তিক সিদ্ধান্ত।

বর্তমান বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় অনুকূল পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা অবিলম্বে স্থগিত করে পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সময়সূচি ঘোষণার জোর দাবি জানাচ্ছে জাতীয় ছাত্রমঞ্চ। একই সঙ্গে দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসনকে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

শিক্ষার্থীদের জীবন, নিরাপত্তা ও ন্যায্য অধিকার কোনোভাবেই প্রশাসনিক অব্যবস্থাপনা বা সিদ্ধান্তহীনতার কাছে জিম্মি হতে পারে না। মানবিকতা, নিরাপত্তা এবং শিক্ষার্থীদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অবিলম্বে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমরা জোর আহ্বান জানাই।