ফের সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি যুবক নিহত

প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৯:৩৭ এএম
ফের সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি যুবক নিহত

সূত্রঃ ফাইল ছবি

মৌলভীবাজার প্রতিনিধি


মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোহাম্মদ তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।


রোববার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া সীমান্তের বিপরীতে ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া কর্মদা ইউনিয়নের মুরইছড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, শনিবার রাতে তারা মিয়াসহ ৪-৫ জন বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের একটি টহল দল তাদের আটকানোর চেষ্টা করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।


একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই তারা মিয়া নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আত্মগোপনে চলে যান।


বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, গুলির শব্দ শোনার পর বিজিবির পক্ষ থেকে দ্রুত বিএসএফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন বিএসএফের পক্ষ থেকে গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।


তিনি জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে। পাশাপাশি বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে আলোচনা করার প্রক্রিয়াও শুরু হয়েছে।


এমকে