ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পিএম
ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

সংগৃহীত

মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি


ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের কুজুরদিয়া গ্রামে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী ফারুক বেপারী (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেছেন। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।


মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর ২০২৬, বিকেল সাড়ে ৪টার দিকে অভিযুক্ত ফারুক বেপারীর নাতনির সঙ্গে খেলাধুলা করছিল শিশুটি। এ সময় ফারুক তাকে ডেকে নিজের ঘরে নিয়ে যান এবং তার পরনের পায়জামা খুলে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় শিশুটির মুখের বাঁ পাশে কামড় দিয়ে জখম করারও অভিযোগ রয়েছে।


এজাহারে উল্লেখ করা হয়, শিশুটির চিৎকার শুনে অভিযুক্তের স্ত্রী আম্বিয়া বেগম দরজার কাছে গেলে শিশুটি ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে নিজ বাড়িতে চলে আসে। পরে কান্নাকাটি করতে করতে মায়ের কাছে ঘটনার বিবরণ দেয়।


শিশুটির মায়ের অভিযোগ, ঘটনার পর অভিযুক্তের স্ত্রীসহ কয়েকজন আত্মীয় তাঁদের বাড়িতে এসে বিষয়টি কাউকে না জানানোর অনুরোধ করেন। এ সময় তাঁরা পাঁচ হাজার টাকা দেওয়ার চেষ্টা করেন। তিনি টাকা নিতে অস্বীকৃতি জানালে টাকাগুলো বিছানার ওপর রেখে তাঁকে ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।


এদিকে, অভিযুক্তের গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্থানীয়রা স্লোগান দেন। তাঁরা দ্রুত ফারুক বেপারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। অভিযুক্তের বক্তব্য জানতে তাঁর বাড়িতে গেলে সেটি তালাবদ্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। দ্রুত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করা হবে এবং ভুক্তভোগীরা ন্যায়বিচার পাবেন।


এমকে/বিএম২৪