কুড়িগ্রামের রৌমারীতে নিহতের ঘটনায় ট্রাক চালক গ্রেফতার

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পিএম
কুড়িগ্রামের রৌমারীতে নিহতের ঘটনায় ট্রাক চালক গ্রেফতার

সংগৃহীত

শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি


কুড়িগ্রামের রৌমারী-রাজিবপুর সড়কের শিবেরডাঙ্গী এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক লুৎফর রহমানকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। যৌথ অভিযান চালিয়ে পাবনা জেলা শহর থেকে তাঁকে গ্রেপ্তার করে এসআরবির জামালপুর-১৪ ও পাবনা-১২ ইউনিট।


রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে পাবনা জেলা শহরে যৌথ অভিযান চালিয়ে লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি পাবনা জেলা সদরের স্থায়ী বাসিন্দা।


পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙ্গী এলাকায় মালবাহী ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থল ও পরবর্তী সময়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হন।


নিহতরা হলেন লিপি (২৬), তাঁর ছেলে রিশাদ (১২), মেয়ে তুবা (৭), লিপির বড় বোন শরিফা (৪২) এবং রাজিবপুর উপজেলার নজরুল ইসলাম। এ ঘটনায় শরিফার মেয়ে বৃষ্টি (২৫) গুরুতর আহত হন।


দুর্ঘটনার পর ট্রাক ও অটোরিকশার চালক পালিয়ে যান। ঘটনার দিন রাতেই নিহতদের পরিবারের পক্ষ থেকে দুই চালকের বিরুদ্ধে রৌমারী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। পরে পুলিশের পাশাপাশি ছায়া তদন্তে নামে এসআরবির জামালপুর-১৪ ইউনিট।


গ্রেপ্তার ট্রাকচালক লুৎফর রহমানকে পাবনা থেকে রৌমারী থানায় আনা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি কাওসার আলী।


এমকে/বিএম২৪