পাবনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মনজুরুল হাসান মাসুদ

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৩ পিএম
পাবনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মনজুরুল হাসান মাসুদ

সংগৃহীত

মো. আরিফুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি


পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ফরিদপুর থানার ওসি (আইজিপি পদকপ্রাপ্ত) মো. মনজুরুল হাসান মাসুদ। আগস্ট মাসে অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। এ উপলক্ষে রাজশাহী রেঞ্জের ডিআইজি আশরাফ আলী পাবনা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।


গত ২৯ আগস্ট ফরিদপুর থানায় ওসি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই অপরাধ দমনে একাধিক বিশেষ পরিকল্পনা গ্রহণ করেন মনজুরুল হাসান মাসুদ। সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ফিরিয়ে আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুরু করেন ধারাবাহিক অভিযান।


পুলিশ সূত্রে জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকে তাঁর নেতৃত্বে ২৪ ঘণ্টার মধ্যে নিখোঁজ এক তরুণীকে উদ্ধার, দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে তাজা গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে।


২৪ ঘণ্টায় নিখোঁজ তরুণী উদ্ধার


আইনশৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য সাফল্য আসে গত ২৪ সেপ্টেম্বর। উত্তর থানাপাড়ার মো. জিন্নাত ফকিরের মেয়ে মোছা. জিয়াসমিন খাতুন নিখোঁজ হলে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১৫৬০) করা হয়। ওসির তত্ত্বাবধানে তদন্ত শুরু করে পুলিশ। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ২৫ সেপ্টেম্বর তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।


চরাঞ্চলে অভিযান, তাজা গুলি ও অস্ত্র উদ্ধার


ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের দুর্গম এলাকায় সর্বহারা নকশাল (লাল পতাকা) বাহিনীর সদস্যদের বিরুদ্ধে গুলিবর্ষণ, চাঁদাবাজি ও জলাশয় দখলের চেষ্টার অভিযোগ ছিল।


গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৭ সেপ্টেম্বর রাতে কুচলিয়া গ্রামে ওসি মো. মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৫ রাউন্ড চায়না রাইফেলের তাজা গুলি, একটি চাপাতি, একটি রামদা ও তিনটি ধারালো দা উদ্ধার করা হয়। এ অভিযানের ফলে দুর্গম চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।


সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার


দীর্ঘদিন ধরে পলাতক সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারেও অভিযান চালাচ্ছে পুলিশ। গত ৬ অক্টোবর ডেমড়া ও রতনপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সিআর মামলার পরোয়ানাভুক্ত চার আসামি শাহ আলম, মিলন হোসেন, মাসুদ রানা ও চাঁদ আলীকে গ্রেপ্তার করা হয়। এর আগে ২৭ সেপ্টেম্বর তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রওশন মল্লিককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।


মাদকবিরোধী অভিযানে সাফল্য


মাদকবিরোধী অভিযানেও উল্লেখযোগ্য সাফল্যের দাবি করেছে পুলিশ। গত ১ অক্টোবর ২০ পিস ইয়াবাসহ আন্তজেলা মাদক কারবারি নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।


এ ছাড়া ৫ অক্টোবর এক পুরিয়া গাঁজাসহ মোমিন প্রামাণিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং চুরির মামলার এজাহারভুক্ত আসামি মজিবর রহমান ও এমডি সাগরসহ একাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।


জনসাধারণের মধ্যে প্রশংসা


ফরিদপুর উপজেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ওসির এসব পদক্ষেপ স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষের মধ্যে প্রশংসিত হয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের মতে, চরাঞ্চলে অপরাধ দমন, পরোয়ানা তামিল, মাদকবিরোধী অভিযান ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তাঁর ভূমিকা প্রশংসনীয়।


এদিকে, তাঁর পেশাগত দক্ষতা ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ ভবিষ্যতে পিপিএম পদক প্রদানের দাবি জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষ। তাঁদের প্রত্যাশা, তাঁর কর্মদক্ষতা বাংলাদেশ পুলিশের সুনাম আরও বৃদ্ধি করবে।


সার্বিক বিষয়ে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মো. মনজুরুল হাসান মাসুদ বলেন, ‘অপরাধী যত শক্তিশালী বা প্রভাবশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। ফরিদপুর থানাকে সম্পূর্ণ অপরাধমুক্ত, মাদকমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশের এ সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।’


এমকে/বিএম২৪