টেকনাফে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
ছবি: বিডি মেইল
মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কক্সবাজারের টেকনাফে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) টেকনাফ উপজেলা মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ূন কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ।
প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহের পদ্ধতি, উপকারভোগীদের তথ্য যাচাই-বাছাই, তথ্য সংরক্ষণ এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ, দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা এবং কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের হাতে ট্যাব উপহার তুলে দেওয়া হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ ও তদারকি কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও সুশৃঙ্খল হবে।
এমকে/বিএম২৪








