দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪০ এএম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ

ছবি: বিডি মেইল

আনোয়ারুল ইসলাম রনি, রংপুর ব্যুরো


পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবদল।


বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।


এ সময় নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।


পরে টাউন হলের উন্মুক্ত মঞ্চে মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ মুরাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।


সমাবেশে মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন বলেন, “দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র যুবদল ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, সন্ত্রাস ও নৈরাজ্যের রাজনীতি এ দেশের মানুষ আর মেনে নেবে না। জনগণের জানমালের নিরাপত্তা এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় যুবদলের নেতাকর্মীরা রাজপথে সজাগ ও ঐক্যবদ্ধ থাকবে।”


সমাবেশে মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।