পাবনায় নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা জব্দ ৯৮ কেজি পলিথিন
সূত্রঃ সংগৃহীত
পাবনা প্রতিনিধি:
পাবনা সদর উপজেলার তাঁতী সমবায় মার্কেট ও এ আর কর্ণার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রির জন্য প্রদর্শন ও মজুদ রাখার দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৯৮ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন, পাবনা ও পরিবেশ অধিদপ্তর, পাবনার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিষিদ্ধ পলিথিন বিক্রির জন্য প্রদর্শন ও মজুদ রাখার দায়ে দি নিউ রকমারী স্টোর ও শিমুল স্টোরকে সচেতনতামূলকভাবে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, পাবনার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী।
জেলা পুলিশ, পাবনার একটি দল অভিযানে সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর, পাবনার পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, বিক্রি ও মজুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমকে/বিএম২৪









