পাবনায় চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা
সংগৃহীত
আব্দুল কাইউম, পাবনা প্রতিনিধি
পাবনা সদর উপজেলার মেরিল বাইপাস এলাকায় চিকিৎসা-বর্জ্যের যথাযথ ব্যবস্থাপনা না থাকায় একটি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ অক্টোবর) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পাবনার যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা আক্তার। পরিবেশ অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় জেলা পুলিশ অভিযানে সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, চিকিৎসা-বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং এ ধরনের বর্জ্য থেকে সৃষ্ট দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এমকে/বিএম২৪









