স্বামীর ভালোবাসার আলিঙ্গনে স্ত্রীর পাঁচ পাঁজর ভাঙল!
সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
চীনে স্বামীর আলিঙ্গনে স্ত্রীর পাঁচটি পাঁজরের হাড় ভেঙে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। দেশটির জিয়াংসু প্রদেশে এ ঘটনা ঘটে। চিকিৎসকদের ধারণা, হাড় ক্ষয়জনিত রোগ অস্টিওপোরোসিসে আক্রান্ত থাকায় ওই নারীর হাড় ভেঙে গেছে।
ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, স্ত্রী ঠান্ডা লাগার কথা জানালে তাঁকে জড়িয়ে ধরেন স্বামী ওয়াং। এ সময় হাড় ভাঙার মতো শব্দ শুনতে পান তিনি। সঙ্গে সঙ্গে ব্যথায় কুঁকড়ে বসে পড়েন তাঁর স্ত্রী। ব্যথার কারণে উঠে দাঁড়াতেও পারছিলেন না তিনি।
পরদিন সকালে স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান ওয়াং। সেখানে বুকের সিটি স্ক্যান করে দেখা যায়, তাঁর স্ত্রীর পাঁচটি পাঁজরের হাড় ভেঙে গেছে এবং আরেকটি পাঁজরে চিড় ধরেছে।
চিকিৎসকেরা জানান, ওই নারী অস্টিওপোরোসিসে আক্রান্ত। এ রোগে হাড়ের ঘনত্ব ও শক্তি কমে যায়। ফলে সামান্য চাপ বা আঘাতেও হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে।
ওয়াং জানান, তিনি স্বাভাবিকভাবেই স্ত্রীকে জড়িয়ে ধরেছিলেন। এতে এত গুরুতর আঘাত লাগতে পারে, তা তিনি কল্পনাও করেননি।
ওই নারীর ওজন ৪৫ থেকে ৫০ কেজির মধ্যে। তিনি নিয়মিত ডায়েট করতেন এবং অনেক সময় রাতের খাবার বাদ দিতেন। প্রতিদিন অন্তত এক কাপ কফিও পান করতেন। পরিবারের দোকানে কাজ করলেও সাধারণত রোদে খুব কম সময় কাটাতেন তিনি।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, ওই নারীকে ওষুধ সেবন, ব্যথা উপশমের প্যাচ ব্যবহার ও বিশ্রামে থাকতে বলা হয়েছে। তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর প্রতি পাঁচ দিন পরপর পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে।
চিকিৎসকেরা বলছেন, সুস্থ হাড়ের অধিকারী তরুণদের ক্ষেত্রে সাধারণ আলিঙ্গনে পাঁজরের হাড় ভেঙে যাওয়া বিরল। তবে অস্টিওপোরোসিসে হাড় দুর্বল হয়ে গেলে সামান্য চাপেও এমন আঘাত লাগতে পারে। হাড়ের সুস্থতা বজায় রাখতে পর্যাপ্ত ক্যালসিয়াম ও ভিটামিন ডি গ্রহণ, নিয়মিত ব্যায়াম এবং পরিমিত রোদে থাকা গুরুত্বপূর্ণ।
এমকে/বিএম২৪









