কুতুবদিয়া চ্যানেলে ৩০টি বেহুন্দি জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস
সংগৃহীত
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
মা ইলিশের নিরাপদ বিচরণ ও প্রজনন নিশ্চিত করতে কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে অভিযান চালিয়ে ৩০টি বেহুন্দি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. আনোয়ার হোসেন ও কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদার নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
কুতুবদিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করে কোস্টগার্ড।
মৎস্যসম্পদ সংরক্ষণ, মা ইলিশের অবাধ বিচরণ ও নিরাপদ অভিপ্রয়াণ নিশ্চিত করা এবং ইলিশের প্রজননের অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এ অভিযান চালানো হয়।
সংশ্লিষ্টরা আশা করছেন, মৎস্য অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ জালের ব্যবহার কমবে। পাশাপাশি ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।
এমকে/বিএম২৪








