পাবনার ফরিদপুরে রতনপুরের ভাইরাল ব্রিজ, প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম
পাবনার ফরিদপুরে রতনপুরের ভাইরাল ব্রিজ, প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা

সংগৃহীত

মো. আরিফুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি


পাবনা জেলার ফরিদপুর উপজেলার ডেমরা ও সাঁথিয়া উপজেলার রতনপুর এলাকার সংযোগস্থলে বড়াল নদীর ওপর নির্মিত দৃষ্টিনন্দন ডেমরা-রতনপুর সেতু এখন ভ্রমণপিপাসু মানুষের কাছে জনপ্রিয় আকর্ষণে পরিণত হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম পরিবেশ ও রাতের আলোকসজ্জার কারণে সেতুটি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ পরিচিতি পেয়েছে।


বড়াল নদীর শান্ত জলরাশি, দুই পাশের সবুজ গ্রামীণ পরিবেশ এবং সেতুর নান্দনিক অবকাঠামো দর্শনার্থীদের মুগ্ধ করে। বিশেষ করে সন্ধ্যার পর সেতুর সারি সারি সড়কবাতি জ্বলে উঠলে পুরো এলাকা এক মনোরম পরিবেশে রূপ নেয়। এ সময় অনেকেই পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে ঘুরতে আসেন এবং ছবি ও ভিডিও ধারণ করেন।


ঈদসহ বিভিন্ন উৎসব ও সরকারি ছুটির দিনে সেতু এলাকায় দর্শনার্থীদের ভিড় বাড়ে। নদীতে নৌকা নিয়ে ঘোরাঘুরি এবং পিকনিকের আয়োজনও দেখা যায়। ফলে সেতুটি এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, স্থানীয় মানুষের বিনোদন ও অবসর কাটানোর অন্যতম জায়গা হয়ে উঠেছে।


সেতুটি পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা ও সাঁথিয়া উপজেলার রতনপুর এলাকার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করেছে। আগে বড়াল নদী পারাপারে নৌকার ওপর নির্ভর করতে হতো। সেতু নির্মাণের ফলে দুই এলাকার মানুষের যাতায়াত সহজ হয়েছে এবং দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমেছে।


পাবনা শহর, ফরিদপুর ও সাঁথিয়া উপজেলা সদর থেকে অটোরিকশা, সিএনজি ও মোটরসাইকেলে সহজেই সেতুটিতে যাওয়া যায়। সেতুর আশপাশের প্রাকৃতিক পরিবেশ উপভোগের পাশাপাশি স্থানীয় খাবারের দোকানগুলো থেকেও খাবার ও হালকা নাশতার ব্যবস্থা রয়েছে।


প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে এবং ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে ডেমরা-রতনপুর সেতু হতে পারে ভ্রমণপিপাসু মানুষের জন্য আকর্ষণীয় একটি গন্তব্য।


এমকে/বিএম২৪