পাঁচ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিদেশে পাঠানোর পরিকল্পনা: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১০:১০ পিএম
পাঁচ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিদেশে পাঠানোর পরিকল্পনা: প্রবাসী কল্যাণমন্ত্রী

ছবি: বিডি মেইল

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি


আগামী পাঁচ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে অবৈধ পথে বিদেশ যাওয়া বন্ধ এবং দক্ষতা অর্জনের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।


বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে আনসার সদস্যদের কর্মসংস্থান কেন্দ্র ও বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে এসে মন্ত্রী এ কথা জানান।


মন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে এক কোটি দক্ষ শ্রমিক তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে। বাংলাদেশ আর কখনো অবৈধ পন্থায় বিদেশ যাওয়ার মতো ঝুঁকিপূর্ণ পথ বেছে নেবে না। দালালের মাধ্যমে প্রতারণার শিকার হলে ভুক্তভোগীদের পরিণতি অত্যন্ত কঠিন হয়।


তিনি জেলা ও উপজেলা পর্যায়ে শ্রমিকদের প্রশিক্ষণ নিশ্চিত করার পাশাপাশি রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।


প্রবাসী কর্মীদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং দালালের প্রতারণা থেকে তাঁদের সুরক্ষার বিষয়টি নিয়ে অনুষ্ঠানে আলোচনা হয়। বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষতা অর্জন ও বৈধ পথে যাওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন থাকার আহ্বান জানানো হয়।


অনুষ্ঠানে মন্ত্রী বৃক্ষরোপণ করেন। পরে তিনি একাডেমির গার্মেন্টস কারখানা, প্যান্ট্রিসহ বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোতালেব সাজ্জাদ মাহমুদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।