অপরাধ দমন ও মাদক-অস্ত্র উদ্ধার জোরদারের নির্দেশ ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজির

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পিএম
অপরাধ দমন ও মাদক-অস্ত্র উদ্ধার জোরদারের নির্দেশ ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজির

ছবি: বিডি মেইল

আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি


অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার এবং সাইবার অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ দিয়েছেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) এম এ জলিল।


বুধবার (২৮ অক্টোবর) গাজীপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ের বার্ষিক পরিদর্শনকালে তিনি এসব নির্দেশনা দেন।


পরিদর্শন উপলক্ষে গাজীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে এম এ জলিলকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। এ সময় পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।


পরিদর্শনকালে ডিবি কার্যালয়ের সার্বিক কার্যক্রম, প্রশাসনিক নথিপত্র ও বিভিন্ন দাপ্তরিক রেজিস্টার পর্যালোচনা করেন অ্যাডিশনাল ডিআইজি। পরে তিনি ডিবি কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।



মতবিনিময় সভায় অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখা, মুলতবি মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং মাদক ও অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


পাশাপাশি সাইবার অপরাধ মোকাবিলায় গোয়েন্দা তৎপরতা বাড়ানোর নির্দেশনা দেন এম এ জলিল। পুলিশি সেবার মানোন্নয়নে সাধারণ মানুষের সঙ্গে পেশাদার, দায়িত্বশীল ও জনবান্ধব আচরণ বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।


এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিনুল ইসলাম, বিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাহ্ শিবলী সাদিক; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন; জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মোহাম্মদ হাসমত আলীসহ গাজীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।