পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ১১:২৫ পিএম
পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা

ছবি: সংগৃহীত

পবিপ্রবি প্রতিনিধি


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের দ্বন্দ্বের জেরে ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩-৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।


বুধবার (৭ অক্টোবর) ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ পরে ক্যাম্পাসের প্যারিস রোডে সংঘর্ষে রূপ নেয়।


জানা গেছে, পবিপ্রবির ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিব্বির আহমেদ ফেসবুকে ‘সিনিয়র না হলে মারতাম’—এমন একটি পোস্ট দেন। পোস্টটি তাঁর সিনিয়র ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিয়াম আহমেদের নজরে এলে তিনি এটিকে ব্যক্তিগত হুমকি হিসেবে নেন বলে অভিযোগ রয়েছে। এর জেরে মঙ্গলবার দিবাগত রাতে শিব্বিরকে ডেকে নিয়ে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।


রাতভর বিষয়টির মীমাংসা না হওয়ায় বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সিয়াম আহমেদ শিব্বিরের কক্ষের দিকে গিয়ে লাঠি দিয়ে হামলা ও ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে। এ সময় কেরামত আলী হলের বি ব্লকের ১০৯ নম্বর কক্ষের জানালার কাচ ভেঙে এক শিক্ষার্থী আহত হন। একই ঘটনায় একটি ল্যাপটপও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।


ভোরের ঘটনার জেরে দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সিয়ামের বন্ধু ইফতিকে সেখানে আটকে রেখে সিয়াম ও পলক আহমেদকে প্যারিস রোডে উপস্থিত হতে বাধ্য করা হয়। পরে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একাধিক শিক্ষার্থী আহত হন।


ঘটনার পর থেকে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শিক্ষার্থীদের আশঙ্কা, বিষয়টি দ্রুত সমাধান না হলে পরবর্তী সময়ে আরও বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।


ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিব্বির আহমেদ বলেন, “আজ ভোর সাড়ে ৫টায় কেরামত আলী হলের বি ব্লকের ১০৯ নম্বর কক্ষে ২০২২-২৩ শিক্ষাবর্ষের সিয়াম লাঠি দিয়ে হামলা ও ভাঙচুর করেন। জানালার কাচ ভেঙে আমার ব্যাচমেট আসিফ আহত হয়েছেন। একই সঙ্গে একটি ল্যাপটপ নষ্ট হয়েছে।”


অন্যদিকে, ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিয়াম বলেন, “আমার বন্ধু ইফতিকে প্যারিস রোডে আটকে রেখে আমাকে ও পলককে সেখানে যেতে বাধ্য করা হয়। সেখানে শিব্বিরসহ জিয়াউর রহমান হলের ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কথা-কাটাকাটির একপর্যায়ে তারা আমাদের ওপর অতর্কিত হামলা করে।”


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, “আমরা দুই পক্ষের কাছ থেকেই বিষয়টি সম্পর্কে জেনেছি। খুব দ্রুত তদন্ত কমিটি গঠন করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনা কখনোই কাম্য নয়। ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।”