নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ফাতেহায়ে ইয়াজদাহম উদযাপন
সূত্রঃ বিডি মেইল
খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহম উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, খানকাহ ও দরবার শরিফে কোরআন খতম, মিলাদ, কিয়াম, আলোচনা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত নাসিরনগর উপজেলা সদরের জামেয়া মতিনিয়া আলিয়া মাদ্রাসা মাঠে ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া মিরানীয়া দরবার শরিফ, ফান্দাউক দরবার শরিফ, দাঁতমণ্ডল মিরানীয়া নূরিয়া দরবার শরিফ, মিরানীয়া সাঈদীয়া আজিজিয়া দরবার শরিফ, জেঠাগ্রাম মিরানীয়া আজিজিয়া দরবার, গুনিয়াউক দরবার শরিফ, খান্দুরা দরবার শরিফ, হরিপুর দরবার শরিফ, নাসিরপুর দরবার শরিফ ও শ্রীঘর আজিজিয়া দরবার শরিফসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল বাদ জোহর পবিত্র খতমে কোরআন ও খতমে তাহলিল, মিলাদ শরিফ, কিয়াম ও বিশেষ মোনাজাত। এছাড়া গাউছুল আজম হযরত শেখ সৈয়দ মহিউদ্দিন আবদুল কাদের জিলানী (রহ.)-এর জীবন ও আধ্যাত্মিক শিক্ষা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দেশবরেণ্য উলামায়ে কেরাম ও পীর-মাশায়েখরা অংশ নেন। তারা হযরত আবদুল কাদের জিলানী (রহ.)-এর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তার শিক্ষায় আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, বিনম্রতা, আত্মশুদ্ধি, মানবসেবা, নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি এবং সৃষ্টির প্রতি ভালোবাসার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, ‘ইয়াজদাহম’ শব্দের অর্থ এগারো এবং ‘ফাতেহা’ অর্থ দোয়া। হযরত আবদুল কাদের জিলানী (রহ.)-এর ওফাত দিবস উপলক্ষে আয়োজিত দোয়া ও ধর্মীয় অনুষ্ঠানকে ফাতেহায়ে ইয়াজদাহম বলা হয়। প্রতি বছর বিভিন্ন স্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।









