খাগড়াছড়িতে মসজিদ ও সেতু উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পিএম
খাগড়াছড়িতে মসজিদ ও সেতু উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নতুনপাড়া জামে মসজিদের নবনির্মিত ভবন ও তপ্ত মাস্টারপাড়া এলাকায় ধলিয়া খালের ওপর নির্মিত সেতু উদ্বোধন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে মাটিরাঙ্গা সফরকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে নির্মিত স্থাপনা দুটি উদ্বোধন করেন তিনি।


প্রকল্প সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা নতুনপাড়া জামে মসজিদের ভবন নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা। অন্যদিকে তপ্ত মাস্টারপাড়া সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ১৮ লাখ ৮৯ হাজার ৮৭০ টাকা। দুটি প্রকল্পে মোট ব্যয় প্রায় ৪ কোটি ৬৯ লাখ টাকা।


উদ্বোধন অনুষ্ঠানে খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমাসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, পার্বত্য অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।


পরে রাত ৮টার দিকে খাগড়াছড়ি জেলা সদরে পৌঁছে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় যোগ দেন প্রতিমন্ত্রী।