নাসিরনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৬৬ শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পিএম
নাসিরনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৬৬ শিক্ষার্থীকে সংবর্ধনা

সূত্রঃ সংগৃহীত

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৬৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে।


শনিবার (৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়াস্থ নাসিরনগর উপজেলা সমিতির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


ব্রাহ্মণবাড়িয়াস্থ নাসিরনগর উপজেলা সমিতির সভাপতি প্রফেসর নজির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন সংবর্ধনা অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব স্বপন কুমার দেবনাথ ও অ্যাডভোকেট আরাফাত উল্লাহ।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের ভবিষ্যৎ। কঠোর পরিশ্রম, সততা ও নিষ্ঠার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুর্মিটোলা মাল্টিকেয়ার বিশেষায়িত হাসপাতালের নাক, কান ও হেড-নেক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ রোকন উদ্দিন ভূঁইয়া।


স্বাগত বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়াস্থ নাসিরনগর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন।


এ ছাড়া বক্তব্য দেন সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট আবেদুল্লাহ, ডা. মেজবাহ উদ্দিন চৌধুরী, নাসিরনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এ কে এম আমিনুল ইসলাম, সমিতির সহসভাপতি ও উদযাপন কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শামসুল হক লিটন, অ্যাডভোকেট আহসানুল হক বাবুল, অ্যাডভোকেট এমদাদুল হক হাদী, অ্যাডভোকেট আতিকুর রহমান, প্রধান শিক্ষক শহীদুল হক, অঞ্জন কুমার বিশ্বাস, প্রভাষক মোহাম্মদ আব্দুর রউফ ও আলী আকরাম খন্দকার স্বপনসহ অনেকে।


অনুষ্ঠানে নাসিরনগর উপজেলা থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৬৬ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা দেওয়া হয়।


এ সময় সমিতির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



এমকে/বিএম২৪