দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করতে ভোলায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩১ পিএম
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করতে ভোলায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

সংগৃহীত

মোঃ সুলাইমান, ভোলা প্রতিনিধি


পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল।


বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ভোলা শহরের মহাজনপট্টিতে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।


ভোলা জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম ফেরদৌসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, জেলা বিএনপির সদস্য ইয়ারুল আলম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক মনির হোসেন।


সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো পরিকল্পিত ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। গণতন্ত্র, জনগণের ভোটাধিকার এবং দেশের সার্বিক স্থিতিশীলতা রক্ষায় যুবদলের নেতাকর্মীরা সবসময় রাজপথে সজাগ ও সক্রিয় থাকবে। কোনো অপশক্তিকে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে দেওয়া হবে না।


এ সময় জেলা, উপজেলা ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এমকে/বিএম২৪