দুর্গম বরকলের কলাবুনিয়ায় ৪৫ বিজিবির চিকিৎসা ক্যাম্প, বিনামূল্যে সেবা পেলেন ২৫০ জন
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটির বরকল উপজেলার দুর্গম কলাবুনিয়া নিকসন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মানবিক উদ্যোগের অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি)।আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে ৪৫ বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. রাকিবুল ইসলাম রনি প্রায় ২৫০ জন অসুস্থ, দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় রোগীদের স্বাস্থ্যপরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।দুর্গম এলাকার অনেক মানুষ নিয়মিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত থাকায় বিজিবির এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও সন্তোষের সৃষ্টি হয়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ৪৫ বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।তারা ভবিষ্যতেও দুর্গম এলাকায় এ ধরনের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনা অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।








