জুলাই গণঅভ্যুত্থান স্মরণে কক্সবাজারে গ্রাফিতি ও আবৃত্তি প্রতিযোগিতা
সূত্রঃ সংগৃহীত
নুরুল আমিন হেলালী, কক্সবাজার
জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের যৌথ উদ্যোগে গ্রাফিতি (চিত্রাঙ্কন) ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সাত দিনের কর্মসূচির চতুর্থ দিনে সোমবার (৩ আগস্ট) বিকেলে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন। তারা গ্রাফিতি ও কবিতা আবৃত্তির মাধ্যমে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের স্মরণীয় ঘটনাগুলো সৃজনশীলভাবে তুলে ধরেন।
বিকেল ৩টায় গ্রাফিতি প্রতিযোগিতার উদ্বোধন করেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী। পরে শুরু হয় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। দুটি বিভাগে বিভক্ত হয়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের মেধা ও সৃজনশীলতার পরিচয় দেন।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মো. মাহবুবুর রহমান। এ সময় জুলাই গণ-অভ্যুত্থান ও শহীদদের স্মরণে বক্তব্য দেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, দৈনিক ইনকিলাবের কক্সবাজার অফিস প্রধান শামসুল হক সশারেক, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাবেক সাধারণ সম্পাদক হাসানুর রশিদ, যুগ্ম সম্পাদক সৈয়দ আলম, সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ূন শিকদার, প্রচার সম্পাদক এম. বেদারুল আলম এবং সাংবাদিক ইউনিয়নের সদস্য নুরুল আমিন হেলালী। এছাড়া কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কক্সবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইকরাম চৌধুরী টিপু জানান, মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টায় গ্রাফিতি ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
জমজমাট এ আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশ নেয়। আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী সাংবাদিককন্যা রামিছা আমিন বলেন, প্রথম হতে পেরে তিনি খুবই আনন্দিত। এমন সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমকে/বিএম২৪









