জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম
সূত্রঃ সংগৃহীত
জাবি প্রতিনিধি
জাবির ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নূরুল ইসলাম বিশ্ববিদ্যালয়টির ২১তম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন। আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে তার নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের গত ১৬ মার্চ ২০২৬ তারিখের ৩৭.০০.০০০০.০৭৯.১১.০০২.২০২৬-১০২ নম্বর প্রজ্ঞাপনের (ঙ) নং শর্ত মোতাবেক ড. মোঃ নূরুল ইসলাম, পিএইচডি, অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ভাইস চ্যান্সেলর, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-কে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর পদ হতে অব্যাহতি প্রদানপূর্বক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১১(১) ধারা অনুযায়ী তাঁকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হয়।
শর্তগুলো হলো উপাচার্য পদে এ নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এদিকে আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ০৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ৩৭.০০.০০০০.০৭৯.১১.০২৩.২২-২৬৬ নম্বর প্রজ্ঞাপনের (ঙ) নং শর্তানুসারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১১(২) ধারা অনুযায়ী ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগপ্রাপ্ত ড. মোহাম্মদ কামরুল আহসানকে উক্ত পদ হতে অব্যাহতি প্রদানপূর্বক তাঁর মূলপদ প্রফেসর, দর্শন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ যোগদানের অনুমতি প্রদান করা হয়।
নতুন নিয়োগ প্রাপ্ত অধ্যাপক নূরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম (এনটিএফ) এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতির দায়িত্ব পালন করেন।
অধ্যাপক নূরুল ইসলাম মার্চ ২৬, ২০২৬ থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং গত নভেম্বর ২৪,২০২৪ এ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্বও পালন করেন।
এমকে/বিএম২৪









