সহিংসতা-নাশকতার মধ্যে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের নতুন সম্ভাবনা
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। এমন পরিস্থিতিতে ফ্যাসিবাদী রাজনীতির পুনরুত্থান ঠেকাতে সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে জাতীয় ঐক্যের আলোচনা সামনে এসেছে।
বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের সদিচ্ছা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে উদ্যোগ নেওয়া হলে বর্তমান পরিস্থিতি থেকেই নতুন রাজনৈতিক ঐক্যের ক্ষেত্র তৈরি হতে পারে।
তবে রাজনৈতিক অধিকার, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোটের রায় এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান রক্ষার প্রশ্নে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য রয়েছে। ফলে ঐক্যের সম্ভাবনা তৈরি হলেও তা বাস্তবে রূপ দেওয়া সহজ হবে না বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেন, দেশকে আবারও ফ্যাসিবাদী শাসন ও পরনির্ভরশীলতার দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এ পরিস্থিতি মোকাবিলায় গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসতে হবে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার তাগিদ দেন।
অন্যদিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো একই কাতারে থাকলেও বর্তমানে সেই ঐক্যে দুর্বলতা তৈরি হয়েছে। আর এই সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি। দেশের বৃহত্তর স্বার্থে সরকার ও রাজনৈতিক দলগুলোকে আগের ঐক্যবদ্ধ অবস্থানে ফিরে আসার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়। তাই সংস্কার কিংবা সংশোধনের উদ্যোগ ব্যক্তিগত বা দলীয় স্বার্থে নয়, বরং জাতীয় স্বার্থে নিতে হবে। শহীদদের আমানত, জুলাই যোদ্ধাদের প্রত্যাশা, শহীদ পরিবারের আকাঙ্ক্ষা, গণভোটের গণরায় ও জুলাই জাতীয় সনদের আলোকে দ্রুত জাতীয় ঐক্য ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেন তিনি।
সহিংসতা ঘিরে বাড়ছে উদ্বেগ
গত কয়েক দিন ধরে রাজধানী ঢাকা থেকে গোপালগঞ্জ, ফরিদপুর, পিরোজপুর, চট্টগ্রাম ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটছে। কোথাও পুলিশের গাড়িতে আগুন, কোথাও থানায় হামলা, আবার কোথাও সংসদ সদস্যের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজধানীতে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ এবং বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে।
বিশেষ করে ১৭ নভেম্বর রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তারের পর থানায় হামলা, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া, পুলিশের গাড়ি ও স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িসহ তাঁর স্বজনদের একাধিক বাড়িতে আগুন দেওয়ার খবর আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করতে হয়।
পুলিশের হিসাব অনুযায়ী, ৭ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ১০ দিনে দেশের বিভিন্ন স্থানে ৪৯টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। ৫৯টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৩টি মামলা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ৬০ জনকে।
এদিকে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, বুধবার ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭১ জন রয়েছেন। অভিযানে অবিস্ফোরিত দুটি ককটেল এবং বিস্ফোরিত ছয়টি ককটেলের অংশবিশেষসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এমন পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশব্যাপী লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ও সহিংসতার আশঙ্কা করছে সরকার।
ঐক্যের প্রশ্নে বিএনপি-জামায়াতের আলোচনা
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য নিয়ে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের মধ্যেও প্রাথমিক আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
১১ দলীয় ঐক্যের এক শীর্ষ নেতা জানান, ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করার বিষয়ে বিএনপির পক্ষ থেকে ঐক্যবদ্ধ হওয়ার অভিমত জানানো হয়েছে। বৃহস্পতিবার সাম্প্রতিক সার্বিক পরিস্থিতি নিয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে গোপালগঞ্জের ঘটনা, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্যের বিষয়টি আলোচনায় আসতে পারে।
এর আগে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার ১২ ফেব্রুয়ারির গণভোটের রায় মেনে নিলে জামায়াত সরকারকে সহযোগিতা করবে। তাঁর মতে, গণভোটের রায় উপেক্ষা করায় রাজনৈতিক সংকট তৈরি হয়েছে এবং জনগণের আস্থায় ঘাটতি দেখা দিয়েছে।
তিনি বলেন, রাজনৈতিক সংকটের সমাধান রাজপথের সংঘাতের পরিবর্তে সংসদে আলোচনার মাধ্যমে হওয়া উচিত। জুলাই জাতীয় সনদের সংস্কার প্রস্তাব বাস্তবায়নে সরকার ও বিরোধী দল সংসদে আলোচনার মাধ্যমে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে পারে।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদও বলেছেন, শুধু রাজনৈতিক বক্তব্য দিয়ে জাতীয় ঐক্য সম্ভব নয়। জুলাই গণহত্যার বিচার, জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে ঐক্যের ভিত্তি তৈরি করতে হবে।
রাজনৈতিক ঐক্যের পথে বাধা
রাজনৈতিক দলগুলোর বক্তব্যে ফ্যাসিবাদ প্রতিরোধে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার বিষয়ে একমত হওয়ার ইঙ্গিত থাকলেও ঐক্যের ধরন, নেতৃত্ব, শর্ত ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মতপার্থক্য রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী মনে করেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর ফ্যাসিবাদের বিরুদ্ধে যে রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছিল, তা বিএনপি ধরে রাখতে পারেনি। তাঁর মতে, ঐক্য ফিরিয়ে আনতে বিএনপিকেই আগে উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, গণভোট ও সংবিধান সংস্কার পরিষদে অংশগ্রহণের প্রশ্নে বিএনপির অবস্থানের কারণে রাজনৈতিক ঐক্যে দুর্বলতা তৈরি হয়েছে। জুলাই জাতীয় সনদ ও গণভোটের বিষয়টি মেনে নিয়ে সরকার এগিয়ে এলে ঐক্যের ভিত্তি আরও শক্তিশালী হতে পারে।
অধ্যাপক দিলারা চৌধুরীর মতে, জোড়াতালি দিয়ে দেশ পরিচালনা সম্ভব নয়। রাজনৈতিক ঐক্য হতে হবে সুদৃঢ় ভিত্তির ওপর। জুলাই সনদ বাস্তবায়ন না করে ঐক্যের আহ্বান জানালে তা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা কম।
অন্যদিকে জাতীয় অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক মাহবুব উল্লাহ মনে করেন, বর্তমান পরিস্থিতিতে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি। তাঁর মতে, আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে জাতীয় ঐক্যের যে প্রয়োজনীয়তা ছিল, বর্তমান পরিস্থিতিতে তা কোনো অংশেই কম নয়।
তিনি বিগত শাসনামলে সংঘটিত গুম, খুন, মানবতাবিরোধী অপরাধ, ব্যাংক লুটপাট এবং জাতীয় স্বার্থবিরোধী বিভিন্ন চুক্তির তথ্য-প্রমাণ জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান।
মাহবুব উল্লাহ বলেন, রাজনৈতিক দলগুলোকে নিজেদের অস্তিত্ব এবং অতীতের অভিজ্ঞতা স্মরণ রাখতে হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিই দলগুলোকে ঐক্যের দিকে এগিয়ে নিতে পারে। ঐক্যের প্রয়োজনীয়তা অস্বীকার করলে এর নেতিবাচক পরিণতি ভোগ করতে হতে পারে।
সরকারের সামনে দুই চ্যালেঞ্জ
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে সরকারের সামনে দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে। একদিকে সহিংসতা ও নাশকতা নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অন্যদিকে রাজনৈতিক মতপার্থক্য দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় দলগুলোর মধ্যে কার্যকর ঐক্য গড়ে তোলা।
জাতীয় ঐক্য গড়ে তুলতে হলে শুধু বক্তব্য বা সভা-সমাবেশ যথেষ্ট হবে না। রাজনৈতিক অধিকার, আইনের শাসন, জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান রক্ষায় বাস্তব পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সরকার ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক অবিশ্বাস কমানো জরুরি।
সব মিলিয়ে সহিংসতা ও নাশকতার মধ্যেই নতুন করে রাজনৈতিক ঐক্যের আলোচনা শুরু হয়েছে। তবে সেই আলোচনা শেষ পর্যন্ত কার্যকর সমঝোতায় পৌঁছাবে কি না, তা নির্ভর করছে সরকার ও বিরোধী দলগুলোর রাজনৈতিক সদিচ্ছা, পারস্পরিক আস্থা এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সমঝোতার ওপর।








