ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটায় ফেরদৌস স্টিলকে ৫ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৪:২১ পিএম
ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটায় ফেরদৌস স্টিলকে ৫ লাখ টাকা জরিমানা

সূত্রঃ সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি


পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করে জাহাজ কাটার কার্যক্রম পরিচালনার দায়ে চট্টগ্রামের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।


বুধবার (১৯ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


এর আগে গত ১৪ আগস্ট ফেরদৌস স্টিলের ইয়ার্ডে ‘এমটি রাসি’ নামের একটি জাহাজ কাটার সময় গ্যাসের বিষক্রিয়ায় নয় শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনার পর ইয়ার্ডটি পরিদর্শন ও তদন্ত করে পরিবেশ অধিদপ্তর। এতে পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করেই জাহাজ কাটার কার্যক্রম চালানোর বিষয়টি উঠে আসে।


পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক জমির উদ্দিনের সই করা আদেশে বলা হয়েছে, পরিবেশগত ক্ষতি নিরূপণ পদ্ধতির আওতায় ফেরদৌস স্টিলের ক্ষতির পরিমাণ পাঁচ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।


আগামী সাত কার্যদিবসের মধ্যে জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে পরিবেশগত ছাড়পত্র নবায়ন না হওয়া পর্যন্ত ইয়ার্ডে জাহাজ কাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন জানান, ইয়ার্ড মালিকের প্রতিনিধির উপস্থিতিতে শুনানি হয়েছে। সেখানে আইন লঙ্ঘনের বিষয়টি তারা স্বীকার করেছেন।


আদেশের নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট আদালতে মামলা করা এবং কোম্পানিটির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।


দুর্ঘটনার পাঁচ দিন পর পরিবেশ অধিদপ্তর ফেরদৌস স্টিলের বিরুদ্ধে এ ব্যবস্থা নিল।